পজিটিভ, নেগেটিভ শব্দ দুটি মনে গেঁথে গেছে

১৮ এপ্রিল রাত সাড়ে ৮টা। একটি ফোন কলের মাধ্যমে জানলেন, তিনি করোনা ‘পজিটিভ’। ৪ এপ্রিল, একই সময়। আরেকটি ফোন কলে এল সুসংবাদ, তিনি করোনা ‘নেগেটিভ’। সুসংবাদটি জানার পর তাঁর মন্তব্য ছিল এ রকম, ১৭ দিনের ব্যবধানে ‘পজিটিভ’ ও ‘নেগেটিভ’ শব্দ দুটি শোনার অনুভূতির ব্যবধানটা যে কত বিশাল! শব্দ দুটি মনে গেঁথে আছে, কখনো তিনি ভুলবেন না।
এমন অনুভূতি করোনাজয়ী কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসার। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি ভৈরব উপজেলা কমপ্লেক্স এলাকার বাসায় চিকিৎসা নেন।
স্থানীয় সূত্র এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আক্রান্ত হওয়ার আগে মানুষকে ঘরমুখী করতে ছুটে বেড়িয়েছেন হিমাদ্রী খীসা। বাজার নিয়ন্ত্রণে বিরামহীনভাবে পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দৌড়ঝাঁপ করেছেন অসহায় মানুষের ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিতে।
সুস্থ হওয়ার কথা জানার পর ফেসবুকে স্ট্যাটাস দেন হিমাদ্রী খীসা। ‘করোনার সঙ্গে সতেরো দিন’ শিরোনামের স্ট্যাটাসে তিনি ‘পজিটিভ’ ও ‘নেগেটিভ’ শব্দ শোনার অনুভূতির ব্যবধানের বিষয়টি তুলে ধরা ছাড়াও দিনগুলোর বর্ণনা দেন।
হিমাদ্রী খীসা স্ট্যাটাসে উল্লেখ করেন, আক্রান্ত হবার কয়েক ঘণ্টা পর থেকেই পরবর্তী ১৫ থেকে ২০ দিনের জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছেন। যে রাতে আক্রান্ত হওয়ার কথা জেনেছেন, সে রাতেই চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধ সংগ্রহ করেছেন। ঢাকনাযুক্ত ডাস্টবিন সংগ্রহ করতে ভুল করেননি।
দ্বিতীয় দিনটি তাঁর জন্য ‘দুঃখবার’ হিসেবে উল্লেখ করেন হিমাদ্রী খীসা। বলেন, সেদিন গ্রামের বাড়িতে (রাঙামাটি) রটে গেছে, করোনায় তাঁর মৃত্যু হয়েছে। ফোন আসতে শুরু করল। মনের দুঃখে জরুরি ফোন ছাড়া অন্যদের ফোন ধরা বন্ধ করে দিলেন। বিচ্ছিন্ন হয়ে পড়লেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। টিভি পর্দা থেকেও চোখ সরিয়ে রাখলেন। হিমাদ্রী উল্লেখ করেন, মনটাকে প্রফুল্ল রাখতে মজার সিনেমা ও মজার সব ভিডিও দেখতেন। বাগান পরিচর্যা করে সময় কাটিয়েছেন খানিকটা। নিজের রান্না নিজেই করেছেন। ঘর পরিচ্ছন্ন ও কাপড় ধোয়ার কাজ নিজেই করেছেন। এই সময়ে বেশ কয়েকটি ভালো বই পড়েছেন তিনি।
চিকিৎসাকালীন সময়মতো খাবার খেয়েছেন। ভারী খাবার খাওয়ার আগে মধু–লেবুমিশ্রিত গরম পানি পান করতেন। নিয়মিত ব্যায়ামও করতেন তিনি।
সুস্থ হিমাদ্রী খীসার সঙ্গে মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘সামাজিক দূরত্ব মেনে চলুন। সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ঘরে থাকুন।’ হিমাদ্রী খীসা ভৈরবে সহকারী কমিশনার (ভূমি) পদে যোগ দেন গত বছরের অক্টোবরে।
সহকর্মীর সুস্থতার খবরে উচ্ছ্বসিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বললেন, ‘হিমাদ্রীর সংক্রমণের খবরে নিজেকে সামলাতে কষ্ট হয়েছে। আবার তাঁর করোনা জয়ের খবরের আনন্দটাও অনেক বড়।’