পঞ্চগড় সদর উপজেলা আ.লীগের সভাপতি আমিরুল, সম্পাদক কামরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি আমিরুল ইসলাম (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ ওরফে মিলন (ডানে)
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আমিরুল ইসলামকে সভাপতি ও কামরুজ্জামান শেখ ওরফে মিলনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দীর্ঘ আলোচনার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

আমিরুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। অন্যদিকে কামরুজ্জামান শেখ ওরফে মিলন পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক।

দীর্ঘ ৯ বছর পর মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নূরুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতসহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর রাত ১১টায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর আগে ২০১২ সালের ২৪ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০ মার্চ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য ২০ মার্চের আগেই সদর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।