পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩ পরিবারের ২২টি ঘর পুড়ে ছাই
পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। ঘটনার সময় আগুন থেকে রক্ষা করতে আশপাশের বাড়িগুলোর পাঁচটি ঘর ভেঙে ফেলেন স্থানীয় লোকজন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে মাঝিপাড়া এলাকার গাড়িচালক আবদুস সালামের রান্নাঘরের টিনের চালে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁরা চিৎকার-চেঁচামেচি করে আগুন নেভানোর চেষ্টা করলেও ঘনবসতি হওয়ায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ওই এলাকার ১৩টি পরিবারের মোট ২২টি ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ঘরে থাকা ধান, চাল, কাপড়চোপড়, আসবাব, টাকাসহ সবকিছুই পুড়ে গিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে।
বিকেল চারটার দিকে মাঝিপাড়া এলাকার গাড়িচালক আবদুস সালামের রান্নাঘরের টিনের চালে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আবদুস সালাম নামের এক ব্যক্তির রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনা খাবার ও প্রতি পরিবারকে দুটি করে কম্বল দিয়েছেন। এ ছাড়া প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদানের প্রক্রিয়া চলছে।