পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু
ঝিরঝিরে হিমেল বাতাস, কুয়াশার দাপট আর কনকনে শীতে এক সপ্তাহের বেশি সময় ধরে নাকাল উত্তরের জনজীবন। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়ায় শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার আশা উঁকি দিয়েছিল। তবে শনিবার সকাল থেকে সেই আশায় গুড়ে বালি। তাপমাত্রা আবার কমেছে। এবার ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা এটি।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এই মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেও স্বস্তির খবর হলো, কুয়াশার দাপট অনেকটাই কমেছে। সকাল থেকে দেখা মিলেছে রোদের।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শনিবারের মতো গত ২৪ ও ২৬ ডিসেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। মৃদু শৈত্যপ্রবাহ কেটে গিয়ে গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে আজ শনিবার তাপমাত্রা আবার কমে গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকেই পরিষ্কার হতে থাকে তেঁতুলিয়ার আকাশ। গভীর রাতে বাড়তে থাকে উত্তরের হিমেল বাতাস। সেই সঙ্গে কমে যায় কুয়াশার পরিমাণ। এতে নামতে থাকে তাপমাত্রার পারদ।
পঞ্চগড় জেলা শহরসংলগ্ন করতোয়া নদীতে নুড়ি পাথর সংগ্রহকারী শ্রমিক হাসিবুল ইসলাম বলেন, ‘সকালে রোদ উঠেছে। এ জন্য মনে করেছিলাম আজকে নদীতে নামলে ঠান্ডা কম লাগবে। রোদটা ভালোই লাগছে কিন্তু বাতাসের কারণে অনেক ঠান্ডা লাগছে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, দুদিন বিরতির পর আবারও এই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করেছে। তেঁতুলিয়ার আকাশ এখন মেঘমুক্ত, কুয়াশাও কমে গেছে। এ জন্য তাপমাত্রা কিছুটা কমে গেছে। মেঘমুক্ত আকাশে সূর্যের দেখা মিললেও দিনে বাতাস অব্যাহত থাকায় প্রায় সারা দিনই শীত অনুভূত হবে। এর আগে বৃহস্পতি ও শুক্রবার মেঘের সঙ্গে কুয়াশা বেড়ে যাওয়ায় বাতাস কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। এতে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছিল।