পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় আলিম ইসলাম (২০) নামের এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোজাফফর হোসেন (২১) নামের মোটরসাইকেল আরোহী অপর এক তরুণ আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাড়ে নয়মাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিম ইসলাম জেলার দেবীগঞ্জ উপজেলার গোরাগমা এলাকার সামসুল হকের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক বলে জানা গেছে। আহত মোজাফফর হোসেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত এলাকার শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনিও একজন ট্রাক্টরশ্রমিক।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর কাজ শেষ করে আলিম ইসলাম সহকর্মী মোজাফফর হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে বিরাজোত এলাকা থেকে দশমাইল বাজারে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সাড়ে নয়মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তাঁরা দুজনই সড়কের ওপর ছিটকে পড়েন।
খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিমকে মৃত ঘোষণা করেন। মোজাফফরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের প্রাথমিক সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।