পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদায় ট্রাক্টরের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের মালিপুকুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের নাম রমজান আলী (৬৫)। তিনি উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ ছিলেন। নিহত রমজান ওই ইউনিয়নের সুন্দুরা পুকুরী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেংহারী বনগ্রাম ইউনিয়নের মালিপুকুরী এলাকা থেকে ট্রাক্টরের মাধ্যমে স্থানীয় একটি ইটের ভাটায় মাটি নিয়ে আসা হচ্ছিল। এ সময় সেখানে মাটি বহনকারী ট্রাক্টরগুলোকে টোকেন (চিরকুট) দেওয়ার কাজ করছিলেন রমজান আলী।

এ সময় একটি ট্রাক্টরের চাকা মাটিতে দেবে গেলে চালক ট্রাক্টরটি পেছন দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পেছনে দাঁড়িয়ে থাকা রমজানকে অসাবধানতাবশত ট্রাক্টরটি ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রমজান আলী।

পরে স্থানীয় শ্রমিকেরা রমজানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক ও তাঁর সহকারীরা ট্রাক্টর রেখে পালিয়ে যান।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক শওকত আকবর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।