পঞ্চগড়ে দম্পতিকে একঘরে করার ঘটনা পুলিশকে তদন্তের নির্দেশ আদালতের
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মৌখিক তালাকের জের ধরে হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় দিনমজুর আয়নাল হক ও জামিরন বেগম দম্পতিকে একঘরে করে রাখার ঘটনা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে এ আদেশ দেন।
আদেশটি ১১ আগস্ট জারি করা হলেও বিষয়টি গতকাল শুক্রবার রাতে জানাজানি হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে ২২ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের সলিমনগর এলাকায় মৌখিক তালাকের জেরে এক দম্পতিকে সমাজপতিদের একঘরে করে রাখার ঘটনাটি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি আদালতের নজরে আসে। পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।
আদালতের আদেশনামায় বলা হয়, আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে স্থানীয় সমাজপতি ও ধর্মীয় নেতারা মনগড়া ফতোয়া জারি করে সম্পূর্ণ অন্যায়ভাবে ওই এলাকার আয়নাল হক ও জামিরন বেগম দম্পতিকে চার মাস ধরে একঘরে করে রেখেছেন। উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং প্রচলিত আইন অনুযায়ী যা গুরুতর অপরাধ।
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে আদালত যেকোনো সময় এ ধরনের আদেশ দিতে পারেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন আজ শনিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে আদালতের দেওয়া আদেশটি হাতে পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করব।’