পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাত
ফাইল ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে রঞ্জিত বর্মণ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। গতকাল সোমবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া-জামুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চারজন হলেন একই এলাকার ভবেশ চন্দ্র (৫৫), কুলীন চন্দ্র (৪৫), গণেশ চন্দ্র (৪৫) ও মুদি দোকানদার পরিতোষ বর্মণ (৩৪)। আহত ব্যক্তিদের প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ভবেশ চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে সেখান থেকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ বলেন, গতকাল রাত পৌনে নয়টার দিকে রসেয়া-জামুরীবাড়ি এলাকায় পরিতোষের দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন সবাই। কিছুক্ষণ পর বজ্রপাত হয়। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবীর এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।