পঞ্চগড়ে বাঘের বাচ্চা ভেবে বনবিড়ালের ছানা আটক
পঞ্চগড়ের বোদা উপজেলায় বাঘের বাচ্চা ভেবে একটি বনবিড়ালছানা (স্থানীয় ভাষায় বাগডাশা) আটক করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার কাজলদিঘী-কালিয়গঞ্জ ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা গফিপাড়া এলাকা থেকে এটি আটক করা হয়। পরে তাঁরা বনবিড়ালছানাটি স্থানীয় ডানাকাটা বিজিবি কোম্পানি সদরের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন।
ডানাকাটা বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার কামরুজ্জামান বলেন, দুপুরে গফিপাড়া এলাকাসংলগ্ন ভারতীয় একটি চা–বাগান থেকে বনবিড়ালছানাটি বের হয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় এলে স্থানীয় কিছু তরুণ ছানাটিকে ধরে ফেলেন। ছানাটি পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন মরিয়ম রহমান বলেন, প্রাণীটিকে স্থানীয় ভাষায় বাগডাশা বলা হয়। এটি মূলত বনবিড়াল। বিজিবির সদস্যরা ছানাটিকে নিয়ে আসার সময় এর গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে ছানাটির প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁরা নিয়ে গেছেন।
আধা কেজির কম ওজনের ছানাটির বয়স ১০ থেকে ১৫ দিন হতে পারে বলে জানান পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র রায়। তিনি বলেন, মায়ের কাছ থেকে কোনোভাবে হয়তো বিচ্ছিন্ন হয়ে লোকালয়ে আসায় ছানাটি স্থানীয়দের কাছে ধরা পড়েছে। ছানাটিকে গরুর দুধ খাওয়ানো হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ছানাটি অবমুক্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।