পঞ্চগড়ে বিদ্যুৎ–সংযোগ পেল ১০টি পরিবার
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পশ্চিম সাহেবীজোত এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগের জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার ১০টি পরিবার বিদ্যুৎ–সংযোগ পেয়েছে। গত সোমবার বিকেলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল ওই এলাকায় গিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়। বাকি পরিবারগুলো পর্যায়ক্রমে সংযোগ পাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পশ্চিম সাহেবীজোত এলাকায় বিদ্যুৎ–সংযোগ দেওয়ার কথা বলে প্রায় ৩০টি পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। পশ্চিম সাহেবীজোত এলাকার বাসিন্দা আমিনার রহমান ও পূর্ব সাহেবীজোত এলাকার বাসিন্দা এবং সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ভুক্তভোগী ২০ জন ১৮ আগস্ট পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে গত সোমবার প্রথম আলোয় ‘টাকা দিয়েও বিদ্যুৎ–সংযোগ পায়নি ৩০টি পরিবার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সোমবার বিদ্যুৎ–সংযোগ পেয়েছেন পশ্চিম সাহেবীজোত এলাকার বশিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বড় ভাইসহ আমাদের দুটি বাড়িতে দুটি মিটার দেওয়া হয়েছে। বাড়িতে বসেই বিদ্যুৎ পেয়ে আমরা খুশি। আমিনার রহমান ও নাজিম উদ্দিন আমাদের কাছে বিদ্যুৎ দেওয়া কথা বলে যে টাকা নিয়েছেন, সেই টাকা ফেরত চাই।’
এদিকে বসতবাড়িতে দেওয়া সাহেবীজোত আনিসুল কোরআন নুরানী মাদ্রাসার বৈদ্যুতিক মিটারটি মাদ্রাসায় লাগিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনছার আলী বলেন, ‘বেশ কিছুদিন আগে মাদ্রাসায় বিদ্যুৎ–সংযোগের জন্য আমিনার রহমান পাঁচ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু আমরা কোনো সংযোগ পাইনি। পরে শুনেছি, আমাদের মাদ্রাসার মিটারটি আমির হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছিল। সোমবার পল্লী বিদ্যুতের ডিজিএমসহ কর্মকর্তারা এসে মিটারটি খুলে এনে মাদ্রাসায় লাগিয়ে দিয়েছেন।’
পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মেহেদী হাসান বলেন, বিদ্যুৎ–সংযোগ দেওয়ার কথা বলে টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ভাবমূর্তি নষ্ট করা এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে আগেই আমিনার রহমানের বিরুদ্ধে সদর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। মাদ্রাসার মিটার অন্যের বাড়িতে লাগানোর বিষয়ে ওই সময় কর্মরত মিটার রিডারসহ সংশ্লিষ্ট কর্মীদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মেহেদী হাসান জানান, পল্লী বিদ্যুতের সংযোগের জন্য মিটার নিতে একজন গ্রাহককে মাত্র ৪৫০ টাকা জমা দিতে হয়। আর নতুন গ্রাহক হলে তাঁকে সদস্য হতে ১১৫ টাকা দিতে হয়। বিদ্যুৎ–সংযোগের জন্য কোনো ব্যক্তিকে মাধ্যম না ধরে সরাসরি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।