পঞ্চগড়ে ভোটের আগের রাতে আ.লীগ প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুপিয়ে জখম
প্রতীকী ছবি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের রাতে গতকাল শনিবার পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদে দুই তরুণকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। হাফিজাবাদ ইউপিতে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ প্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। এ ঘটনায় জড়িত অভিযোগে মেহেদী হাসান (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রাত আটটার দিকে হাফিজাবাদ ইউনিয়নের তালমা-দলুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত দুই তরুণ হলেন হাফিজাবাদ ইউনিয়নের দলুয়াপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সাগর (২০) এবং একই এলাকার মনতাজ আলীর ছেলে মো. লায়ন (২২)। তাঁরা দুজনই ছাত্রলীগ কর্মী এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুসা কলিমুল্লাহ প্রধানের নৌকা প্রতীকের কর্মী।

আটক মেহেদী হাসান একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার ফারাজুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগ কর্মী হলেও জাতীয় পার্টির প্রার্থী ইসমাইল হোসেনের লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচন করছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে মেহেদীসহ লাঙ্গল প্রতীকের কয়েকজন কর্মী-সমর্থক দলুয়াপাড়া এলাকার আইনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে যান। এ সময় দলুয়াপাড়া এলাকার বাসিন্দা ও নৌকা প্রতীকের কর্মী-সমর্থক সাগর ও লায়নের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। লায়ন ও সাগর ছুরিকাহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। আর ঘটনাস্থল থেকে মেহেদীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মো. কাওসার আহমেদ বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আসা দুজন রোগীই গুরুতর আহত অবস্থায় ছিলেন। তাঁদের দুজনকেই ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে। আহত দুজনের মধ্যে সাগরের অবস্থা আশঙ্কাজনক। তাঁর বাঁ কানের নিচে চোয়ালসহ গলা পর্যন্ত কেটে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।