পঞ্চগড়ে মহাসড়কে ফসল মাড়াই, ঘটছে দুর্ঘটনা

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের নানা অংশে ধান, গম ও তিলসহ বিভিন্ন ফসল কেটে এনে স্তূপ করা হয়। সেখানেই মাড়াই শেষে ধান, খড় শুকানো হয়। শুধু এই মহাসড়ক নয়, পঞ্চগড়ের গ্রামগঞ্জের পাকা রাস্তাগুলোর দুই পাশ দখল করে কৃষকেরা ফসল মাড়াই ও শুকানোর কাজ করছেন। এতে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
প্রতিবছর ধান কাটার এই মৌসুমে স্থানীয় লোকজন মহাসড়ক ব্যবহার করেন। তাঁরা খেত থেকে ধান কেটে এনে স্তূপ করে রাখেন মহাসড়কের ওপর। সেখানে যন্ত্রের সাহায্যে মাড়াইয়ের কাজ চলে। পরে মহাসড়কের অর্ধেক অংশে ধান শুকাতে দেওয়া হয়। তা ছাড়া খড় মহাসড়কের ওপরেই ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হয়। পুরুষের পাশাপাশি গৃহবধূরাও এ কাজে সহযোগিতা করেন। তাঁরা পাশাপাশি রান্নার কাজে ব্যবহারের জন্য লাকড়ি রোদে শুকাতে দেন। তা ছাড়া মরিচ শুকাতে দেন। এসব নারী-পুরুষ কাজে মগ্ন থাকায় দ্রুতগামী যানবাহনের দিকে খেয়াল রাখেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত কয়েক মাসে এ জেলায় এসব কারণে দুর্ঘটনা বেড়েছে।
অন্যদিকে হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা উদ্যোগ নিলেও মানছেন না কৃষকেরা। তাঁরা সড়ক-মহাসড়ক ব্যবহার করছেন।
শাহীন আলম নামের একজন বাসচালক বলেন, কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাস নিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। কিন্তু ফসল মাড়াই ও শুকানোর কারণে রাস্তা যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নির্দিষ্ট গতিতে বাস চালানো যায় না। দুর্ঘটনা এড়াতে ধীরে ধীর যেতে হয়। এতে সময়ের অপচয় হয়। আবার নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পারলে পরের দিনের ট্রিপ বাতিল হয়ে যায়। যাত্রীরা হয়রানির শিকার হয়। তাঁরা পড়েছেন উভয়সংকটে।
ট্রাকচালক খতিবুর রহমান বলেন, রাস্তা খুব ভয়ংকর হয়ে গেছে। বিশেষ করে ধানের ভেজা খড়ের ওপর দিয়ে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ মাসেই বোদায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন ট্রাকচালক নিহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক বলেন, তাঁদের বাড়িতে জায়গা নেই। উঠোন নেই, আঙিনা নেই। তা ছাড়া তাড়াতাড়ি মাড়াই ও শুকানোর কাজ করা যায় বলেই তাঁরা সড়ক-মহাসড়ক ব্যবহার করছেন। বছরের পর বছর ধরে এমনটিই চলছে।
ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সতর্ক ও সচেতন করা হলেও কৃষকেরা মানছেন না।