পঞ্চগড়ে মাঝারি থেকে মৃদুতে নেমেছে শৈত্যপ্রবাহ
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত পাঁচ দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। এতে শৈত্যপ্রবাহ মাঝারি থেকে মৃদুতে রূপ নিয়েছে। তবে কমেনি শীতের প্রকোপ। উত্তরের হিমেল বাতাস আর আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় ছড়াতে পারছে না রোদের তীব্রতা। অনুভূত হচ্ছে হাড়কাঁপানো শীত। বিপাকে আছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।
আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এ ছাড়া এই এলাকায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। এর আগে গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ দিন উত্তরের এই জনপদে বয়ে গেছে মাঝারি শৈত্যপ্রবাহ। এই কয়েক দিন তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে।
পঞ্চগড় সদর উপজেলার চানপাড়া এলাকার কৃষক সুরেন বর্মণ বলেন, বাতাসের কারণে খুব ঠান্ডা লাগছে। ঠান্ডায় ঠিকমতো কাজই করা যায় না। মানুষের কষ্টের পাশাপাশি গরু-ছাগলেরও কষ্ট হচ্ছে। এ জন্য গরু–ছাগলের গায়ে পুরোনো কম্বল আর চট দিয়ে ঢেকে দিয়েছেন।
সবজি বিক্রির জন্য প্রস্তুত করছিলেন তুলারডাঙ্গা এলাকার কৃষক রফিকুল ইসলাম। তিনি বলেন, পাইকারি সবজির বাজার তো সকাল বসে। এ জন্য সবজি সকালেই তুলে তৈরি করতে হচ্ছে। সকালে ঠান্ডার কারণে এসব কাজ করতে খুবই কষ্ট হয়। আজ সকালে কুয়াশা কম দেখে মনে হচ্ছিল গরম লাগবে। কিন্তু রোদ নেই, তাই বাতাসের কারণে খুবই ঠান্ডা লাগছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় গত পাঁচ দিনের মাঝারি শৈত্যপ্রবাহ কেটে গিয়ে আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তেঁতুলিয়ার আকাশে বর্তমানে হালকা মেঘ আছে। সেই সঙ্গে হিমালয় থেকে বয়ে আসা ভারী শীতল বাতাস এই এলাকায় বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে ৪ ও ৫ ফেব্রুয়ারি এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে।