পঞ্চগড়ে মিছিল করতে এসে ছাত্রদলের পাঁচ নেতা-কর্মী আটক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পঞ্চগড়ে মিছিল করতে আসা ছাত্রদলের পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জেলা ছাত্রদলের নাট্যবিষয়ক সম্পাদক জুয়েল রানা (২৯), ছাত্রদলের কর্মী রাশেদুল হক আকরাম (২৯), পারভেজ মোশাররফ (২৫), শাহিনুর রহমান (২৫) ও আসাদুল ইসলাম (২০)। পুলিশ জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া ঈদের বাজার ও তারাবিহ নামাজের সময় শহরে আকস্মিকভাবে জমায়েত হয়ে মিছিল করে যানজট সৃষ্টিসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণার জন্য তারেক রহমানকে কৃতজ্ঞতা এবং নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গতকাল রাতে হঠাৎ পঞ্চগড় শহরে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী একটি মিছিল বের করেন। জেলা ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের ব্যানারে শহরের এম আর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে পঞ্চগড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী অংশ নেন। মিছিল শেষে তাঁরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি পথসভা করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পাঁচজন নেতা-কর্মীকে আটক করে। এ সময় অন্য নেতা–কর্মীরা পালিয়ে যান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ মিঞা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই সময় শহরে মানুষের ঈদের কেনাকাটা চলছিল এবং তারাবিহ নামাজ চলছিল। এ রকম সময়ে পূর্বানুমতি ছাড়া আকস্মিকভাবে মিছিল বের করে যানজট সৃষ্টি এবং জমায়েত হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ১৫১ ধারায় ছাত্রদলের পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় কয়েকজন পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে।