পঞ্চগড়ে মোটর পরিবহনশ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৪০ ঘণ্টা পর পঞ্চগড় জেলা মোটর পরিবহনশ্রমিক ইউনিয়নের ডাকা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে শ্রমিক নেতাদের দাবি, এই আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

রোববার বেলা তিনটায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। এতে স্বস্তি ফিরে এসেছে বিপাকে পড়া সাধারণ মানুষ ও বাইরে থেকে আসা পণ্যবাহী ট্রাকচালকদের মধ্যে।  

এর আগে গত শুক্রবার রাতে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন পঞ্চগড় জেলা মোটর পরিবহনশ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করায় ওই দিন রাত ১১টা থেকে জেলা শহরের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। ধীরে ধীরে এই আন্দোলন জেলাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে জেলা শহর ও জেলার বিভিন্ন উপজেলা শহরগুলোর সড়ক-মহাসড়কগুলো অবরোধ করে রাখেন শ্রমিকেরা।

প্রতিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত পঞ্চগড় জেলা মোটর পরিবহনশ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন। এর প্রতিবাদে মোটর পরিবহনশ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা পঞ্চগড়-ঢাকা মহাসড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন।

শ্রমিকদের এই আন্দোলনে শনিবার দিনভর ও রোববার বেলা তিনটা পর্যন্ত চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে শনিবার অনার্স পরীক্ষার্থী ও গণটিকা নিতে আসা মানুষেরা ভোগান্তিতে পড়েন। এ ছাড়া জেলার বাইরে থেকে আসা পণ্যবাহী ট্রাকচালকেরা পড়েন ভোগান্তিতে। দিন–রাত থামিয়ে রাখা গাড়িতেই কাটাতে হয় তাঁদের।

যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় জরুরি কাজে বের হওয়া অনেক মানুষকেই অটোরিকশা, ইজিবাইক ও থ্রি হুইলারে (পাগলু) চলাচল করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চগড় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের জন্য গত ২৯ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়। গত শনিবার এই নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা তাঁদের নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। এরই মধ্যে গত শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ও পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত উচ্চ আদালতের নির্দেশনায় নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করেন।

কয়েকজন শ্রমিক বলেন, পঞ্চগড় জেলা মোটর পরিবহনশ্রমিক ইউনিয়ন ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০০ সালে এই সংগঠনের একটি অংশের শ্রমিকনেতারা বের হয়ে গিয়ে পঞ্চগড় জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন করেন। এরপর ২০১২ সাল থেকে দুটি সংগঠন একে অপরকে অবৈধ দাবি করে শ্রম আদালতে মামলা এবং উচ্চ আদালতে রিট আবেদন করেছিল। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মামলা চলছিল। এরই মধ্যে ২৯ জানুয়ারি পঞ্চগড় জেলা মোটর পরিবহনশ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা হয়।

রোববার বেলা ১টায় জেলা শহরের ধাক্কামারা এলাকায় হোসনে আরা বেগম (৪০) নামের এক নারী বলেন, ‘আমরা জরুরি কাজে বোদা উপজেলা শহরে যাব। এখন বাস বন্ধ হওয়ায় বাচ্চাদের নিয়ে কষ্ট করে পাগলুতে যেতে হচ্ছে। এই পাগলু আবার মহাসড়ক দিয়ে যাবে না। গ্রামের বাইপাস সড়ক দিয়ে আমাদের বোদায় নিয়ে যাবে। এতে আমাদের সময়-অর্থ দুটোই বেশি নষ্ট হচ্ছে।’

বেলা একটার দিকে ট্রাকচালক রাজীব হোসেন (৩৫) বলেন, ‘আমি কুষ্টিয়া থেকে এসেছি। ট্রাকে পাথরবোঝাই করে রাজবাড়ী নিয়ে যাব। গত শুক্রবার রাত থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ধাক্কামারা এলাকায় আটকা পড়েছি। দুই রাত ট্রাকের মধ্যেই থাকতে হয়েছে। তাঁদের সংগঠনের নির্বাচন হয়নি এ জন্য আমাদের ভোগান্তি। দুই দিন ধরে খেয়ে না খেয়ে পড়ে আছি।’

রোববার বেলা সোয়া তিনটায় পঞ্চগড় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচন করতে পারব আমাদের আইনজীবীর পক্ষ থেকে এমন আশ্বাস পেয়ে আমাদের অবরোধ কর্মসূচি রোববার বেলা তিনটায় থেকে স্থগিত করেছি। আমাদের প্রতিপক্ষরা জাল-জালিয়াতি করে তাঁদের একজন আইনজীবীর মতামত এনে আমাদের নির্বাচন স্থগিত করেছে।

আমরা তাঁদের সেই কাগজকে আমাদের আইনজীবীর মাধ্যমে চ্যালেঞ্জ করব। এ ছাড়া আমাদের আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে।’

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে একজন আইনজীবীর মাধ্যমে অবহিত হয়ে নির্বাচন কমিশন মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছিল। এতে সংক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। অবশেষে তাঁরা রোববার বেলা তিনটায় তাঁদের অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন।