পঞ্চগড়ে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ নটরডেমিয়ান্সদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেয় এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

শীত এলেই কাবু হয়ে পড়েন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। হিমালয়ের কাছাকাছি এই জেলার অবস্থান হওয়ায় উত্তরের হিমেল বাতাসে বাড়তে থাকে শীতের দাপট। প্রতি শীতে অসহায় হয়ে পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতে অসহায় মানুষকে উষ্ণতা দিতে এগিয়ে এসেছে ‘এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’।

শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায় মানুষের হাতে এসব কম্বল তুলে দেন সংগঠনটির সদস্যরা। কনকনে শীতের শুরুতে ভালো মানের শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে প্রায় ৩০০ দরিদ্র মানুষের মুখে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন,এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি দলিলুর রহমান, মহাসচিব মতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের শাহীন, সদস্য আখলাক আহমেদ, সদর উপজেলার ধাক্কামারা ইউপি সদস্য সহিদুল ইসলাম, স্থানীয় সমাজসেবক সাজেদুর রহমান, আনোয়ার হোসেন, স্থানীয় তরুণ জাফর মুহাম্মদ ও আল মামুন উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা ধরনের ভালো কাজের সঙ্গে যুক্ত এই ফাউন্ডেশন। এসব কাজের অংশ হিসেবে পঞ্চগড়ের মানুষের কাছে শীতবস্ত্র নিয়ে এসেছেন তাঁরা। মানুষের কল্যাণে ফাউন্ডেশনের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।