পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও অসময়ের ঝড় তীব্রতা বাড়াল শীতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি উপেক্ষা করে মাথায় পলিথিন বেধে ভুট্টাখেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। ছবিটি শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকা থেকে তোলা
ছবি : রাজিউর রহমান

শুক্রবার ভোর থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকাল থেকে দেখা নেই সূর্যের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ঝোড়ো বাতাস। এতে বিভিন্ন এলাকায় ছোটখাটো গাছপালা ভেঙে বিদ্যুতের লাইনে পড়ায় জেলাজুড়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। গত কয়েক দিনের তুলনায় শুক্রবার দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেলেও বৃষ্টি আর ঝোড়ো বাতাসে নতুন করে বেড়েছে শীতের তীব্রতা। কাবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসের কনকনে শীত অনুভূত হওয়ায় প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে কম বের হতে দেখা গেছে।

শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দমকা হওয়া। ভোর থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত তেঁতুলিয়ায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।

বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এ সময় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও দিনভর রোদের দেখা মেলায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। ওই দিন সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই উত্তরের আকাশে মেঘ জমতে শুরু করে। এতে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। শুক্রবার ভোর ছয়টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

শুক্রবার বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ঝড়ো বাতাস। এতে বিভিন্ন এলাকায় ছোটখাটে গাছপালা ভেঙে বিদ্যুতের লাইনে পড়ায় জেলাজুড়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
ছবি : প্রথম আলো

আজ শুক্রবার দুপুর ১২টার পর পঞ্চগড়ে বৃষ্টিপাত থামলেও থামেনি দমকা হাওয়া। এতে জেলার বিভিন্ন এলাকায় ছোটখাটো গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। তবে দুপুর পর্যন্ত কোথাও কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে ঠান্ডা বাতাসে সাধারণ মানুষ কাবু হয়ে পড়ায় জেলার বিভিন্ন হাটবাজার ও সড়ক-মহাসড়কগুলোতে জনসাধারণের চলাচল কমে গেছে। বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। তবে বৃষ্টি হওয়ায় অনেক কৃষককে আবার তাঁদের ফসলের খেতে সার ছিটাতে দেখা গেছে।

পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে ভুট্টাখেতে সার ছিটাতে থাকা কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘বৃষ্টির কারণে খুব ঠান্ডা লাগছে, কিন্তু এ কারণে ভুট্টাখেতে সেচ দেওয়ার অতিরিক্ত খরচ বেঁচে গেল। তাই এই সুযোগে ইউরিয়া সার ছিটিয়ে দিচ্ছি।’

শুক্রবার ভোর থেকেই পঞ্চগড়ে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে সকাল সকাল গন্তব্যের উদ্দেশ্যে বের হয়েছে সাধারণ মানুষ। ছবিটি শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকা থেকে তোলা।
ছবি : প্রথম আলো

দুপুর ১২টার দিকে সদর উপজেলার দেওয়ানহাট এলাকার অটোভ্যানচালক সলেমান আলী বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে বের হওয়া যায়নি। এখন একটু বৃষ্টি কমেছে, কিন্তু ঝড়ের মতো বাতাস বইছে। ঠান্ডার কারণে লোকজন বের হননি। এ জন্য এখন পর্যন্ত কোনো আয় হয়নি।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) পঞ্চগড় কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির সঙ্গে অসময়ের ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছ ও গাছের ডালপালা বিদ্যুতের লাইনের ওপর পড়ায় লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এসব লাইনের সংস্কারকাজ চলছে। আশা করছি, বাতাস কমে গেলে বিকেলের মধ্যে এসব সমস্যার সমাধান হয়ে যাবে।’

আবহওয়া কার্যালয়ের পর্যবেক্ষণ

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের তুলনায় বুধবার সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে ভোর থেকেই এই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তেঁতুলিয়ার পুরো আকাশ মেঘে ঢাকা থাকায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এ ছাড়া বৃষ্টির সঙ্গে উত্তর-পশ্চিমের দমকা বাতাস থাকায় সাধারণ মানুষের কাছে শীত বেশি অনুভূত হচ্ছে। এতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা কমে যেতে পারে। এ রকম আবহাওয়া শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।