পঞ্চগড়ে ২৩টি ভারতীয় গরু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তঘেঁষা একটি গ্রাম থেকে ২৩টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ এলাকা থেকে এসব গরু উদ্ধার হয়েছে। এসব গরুর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে ভারত থেকে অবৈধ পথে ২৩টি গরু আনা হয়। সেগুলো ভজনপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা মুরখাগছ এলাকায় মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও আবদুর রহিমের বাড়িতে রাখা হয়েছে বলে খবর পায় পুলিশ। এর ভিত্তিতে আজ দুপুরে তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন আগেই পালিয়ে যান। পরে তিনটি বাড়ি থেকে ২৩টি ভারতীয় গরু উদ্ধার করে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, গরুগুলো পুলিশের হেফাজতে রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। এসব গরুর বিষয়ে আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।