বিশ্ব রক্তদাতা দিবস
পঞ্চাশের অপেক্ষায় লোকমান
পেশায় শিক্ষক লোকমান হাকিম ৪৯তম বারের মতো রক্তদান করেছেন। তিনি বাংলাদেশ স্কাউটসের কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য।
২০২০ সালের ১৯ জুন। করোনার বিধিনিষেধের কারণে জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছুই বন্ধ। এমন সময়ে দিনাজপুর সদরের কারিমুল ইসলামের মুঠোফোনে কল আসে রক্তের সন্ধানে। ফোনের অপর প্রান্ত থেকে এক প্রসূতির জন্য ‘এ’ নেগেটিভ রক্ত চাওয়া হয়। কারিমুলের সন্ধানে একজন ডোনার আছেন কিন্তু তাঁর বাড়ি ৪৫ কিলোমিটার দূরে ফুলবাড়ী উপজেলায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় করোনার বিধিনিষেধ।
অগত্যা জেলা প্রশাসন থেকে বিশেষ পাস নিয়ে মোটরবাইকে চেপে কারিমুল ছোটেন ফুলবাড়ী উপজেলায়। ডোনারকে সঙ্গে করে নিয়ে আসেন। রক্ত দেওয়া শেষ হলে বাড়িতে পৌঁছে দেন।
শুধু অতিমারির সময়েই নয়, ২০১৬ সাল থেকে এভাবেই রক্ত বন্ধু হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন রোভার স্কাউটের সদস্য কারিমুল ইসলাম (২৪)। দিনাজপুর শহরের উপশহর এলাকার বাসিন্দা কারিমুল বিবিএ পড়ছেন আদর্শ মহাবিদ্যালয়ে।
আনন্দদায়ক এই কাজটিতে কারিমুল উদ্বুদ্ধ হয়েছেন তাঁরই শিক্ষক লোকমান হাকিমের (৪৬) কাছ থেকে। যিনি ৪৯তম বার রক্তদান করেছেন। লোকমান হাকিম সদর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। লোকমান হাকিম সর্বশেষ রক্তদান করেছেন ২০১৯ সালের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে।
লোকমান হাকিম ‘বি’ পজিটিভ গ্রুপের রক্তের বাহক। ১৯৯৩ সালে রাজশাহীতে বিএনসিসির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রথম রক্ত দেন। এরপর থেকে নিজে রক্তদানের পাশাপাশি হাজারখানেক রোগীর জন্য রক্ত জোগাড় করে দিয়েছেন। এই সময়ে দিনাজপুর, ঠাকুরগাঁওসহ ১২টি জায়গায় ব্লাড ক্যাম্প করেছেন। সেগুলোর ডেটাবেইজ আছে।
চিকিৎসকের বরাত দিয়ে লোকমান হাকিম বলেন, বয়স ৪০ পার হলে রক্তদানে ঝুঁকি থাকে। তাই এখন নিজে দিতে পারেন না। কিন্তু সংগঠন করেছেন। যে কারও রক্ত দরকার হলেই জোগাড় করে দেন। অর্ধশত মানুষকে রক্ত দেবেন এই ইচ্ছা তাঁর।
জটিল কোনো রোগীকে রক্ত দিয়ে অর্ধশত পূরণ করতে চান লোকমান। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার রক্ত দিয়েছেন ভাগনে লাবিব হোসেনকে। লোকমান হাকিম বলেন, লাবিব থ্যালাসেমিয়া রোগী। সাত বছর বয়স থেকে টানা তিন বছর নিয়ম করে তাঁকে রক্তদান করেছেন। লাবিব বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্র। সুস্থও আছে। তাই তাঁকে আর রক্ত দিতে হয় না।
কাউকে রক্তদানের পর সবচেয়ে সুখকর মুহূর্ত হলো রোগীর স্বজনদের অভিব্যক্তি। লোকমান হাকিম বলেন, কিন্তু এর আগে রক্তের দরকার হলে স্বজনদের ছোটাছুটি, দুশ্চিন্তা ভাষায় প্রকাশ করার মতো না। তবে সম্প্রতি স্বাস্থ্যকেন্দ্রের আশপাশে কিছু অসাধু লোক ওত পেতে থাকে। রক্ত জোগাড় করে দিয়ে রোগীর স্বজনদের কাছে অনৈতিক দাবি করে। এ ক্ষেত্রে রোগীদের ভোগান্তি কমাতে (বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের) সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রাখা এবং ডোনারদের অ্যাপভিত্তিক ডেটাবেইজ তৈরি করার বিষয়ে গুরুত্ব দিতে চান তিনি।
রক্তদাতা ও গ্রহণকারীদের প্রতি লোকমান হাকিম চারটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, রক্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমত নিকটাত্মীয়দের খোঁজ করতে হবে। দ্বিতীয়ত, স্ক্রিনিং করে রক্ত গ্রহণ করা; তৃতীয়ত, ক্রস ম্যাচ করা এবং সর্বোপরি হাসপাতাল অথবা ক্লিনিকে থাকা চিকিৎসকের পরামর্শ নেওয়া।
লোকমান হাকিমের খোঁজ পাওয়া যায় দিনাজপুর সদরের সেই কারিমুল ইসলামের কাছে থেকে। কারিমুল স্থানীয় একটি ক্লিনিকে নৈশপ্রহরীর কাজ করেন। ‘এ’ পজিটিভ রক্তের বাহক কারিমুল অন্যকে রক্ত জোগাড় করে দেওয়ার পাশাপাশি নিজেও রক্তদান করেছেন ১৮ বার। পরিচালনা করছেন নিড ফর ব্লাড নামের একটি সংগঠন। এর সদস্য ৮০ জন। যার অধিকাংশই রোভার স্কাউট।
রক্তদান করা কিংবা ডোনার জোগাড় করা নিয়ে লোকমান হাকিম ও কারিমুল ইসলাম উভয়ে জানান, শহরকেন্দ্রিক ডোনার পাওয়া যায়। কিন্তু গ্রামের দিকে এখনো মানুষের মধ্যে কিছু কুসংস্কার আছে। অসচেতনতার কারণে অনেকে রক্তদান করতে চান না। এমনকি ভিন্ন ধর্মের মানুষের রক্ত গ্রহণ করা যাবে না, এমন কুসংস্কারও আছে অনেকের। এ ক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রক্ত গ্রহণ ও দানসংক্রান্ত প্রচার চালানো দরকার।
এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী বলেন, দিনাজপুরে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান নিয়ে কাজ করছে, তাদের তথ্য আমাদের কাছে আছে। শিগগিরই এসব সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে রক্তদান সম্পর্কিত বিষয় নিয়ে একটি সভা করা হবে।