পঞ্চাশের পাহাড়ে আবার অভিযান: তিনটি ‘বোমা মেশিন’ ও সাতটি ক্রাশার জব্দ
পাহাড়ের ঢাল কেটে গর্ত করে বসানো হয়েছে পাথর কোয়ারিতে ব্যবহৃত নিষিদ্ধ ‘বোমা মেশিন’। এই নিষিদ্ধ যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করে সরাসরি স্টোন ক্রাশার মিলে নিয়ে গুঁড়া করা হয়। সিলেটের জৈন্তাপুর উপজেলার পঞ্চাশের পাহাড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিবেশ অধিদপ্তরের দ্বিতীয় দফা অভিযানে এমন কৌশল ধরা পড়েছে।
আজ বুধবার সকালে চার ঘণ্টার অভিযানে তিনটি বোমা মেশিন ও সাতটি স্টোন ক্রাশার মিল জব্দ করে যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে। পাহাড় থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর গুঁড়া করায় দুই স্টোন ক্রাশার মিলের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার প্রথম দফায় অভিযানে তিনটি ক্রাশার মিলকে ৫০ হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে সাতটি স্টোন ক্রাশার মিল বন্ধ করে যন্ত্রপাতি ধ্বংস করা হয়।
ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের মতোই বাংলাদেশের জৈন্তাপুরের চারিকাটা এলাকায় পাহাড়-টিলা আছে। জৈন্তাপুরের সারীঘাট থেকে চারিকাটা ইউনিয়ন পুরোটা মেঘালয়ের পাহাড়ের মতো একটি বেষ্টনী। পঞ্চাশের পাহাড় নামের ওই বেষ্টনীর আশপাশে রয়েছে আরও অর্ধশতাধিক টিলা। পঞ্চাশের পাহাড়ের ঢালে পড়েছে ছোট ছোট টিলা। এসব টিলা খুঁড়েই পাথর উত্তোলন করা হচ্ছে। ‘মরা’ পাথর নামে পরিচিতি এসব পাথর স্টোন ক্রাশার মিলে ভাঙিয়ে পাথরগুঁড়া টাইলস তৈরিতে ব্যবহার করা হয়। সরেজমিনে পরিস্থিতি দেখে ১৭ জুন প্রথম আলোয় ‘পঞ্চাশের পাহাড় কেটে পাথর-বাণিজ্য’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, প্রথম ও দ্বিতীয় দফার অভিযানে পাহাড় কেটে পাথরের বিক্রির উৎস বন্ধ করতে অভিযান চালানো হয়েছে। গত সোমবার দিনভর জৈন্তাপুরের কাটাগাঙ এলাকায় অভিযানের পর আজ বুধবার দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। পঞ্চাশের পাহাড় এলাকার পাশের এ এলাকার কিছু পাহাড়-টিলা পর্যবেক্ষণ করে দেখা গেছে, পাহাড়ের ঢাল কেটে সমতল করা। সেখানে পাথর কোয়ারিতে ব্যবহৃত অবৈধ যন্ত্র বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করা হয়। এসব পাথর সরাসরি স্টোন ক্রাশার মিলে নিয়ে তাৎক্ষণিক গুঁড়া করা হয়। বিষয়টি পর্যবেক্ষণ করে অভিযান চালানো হয়েছে। তিনটি বোমা মেশিন গর্তের মধ্যে রেখে আগুন দিয়ে পুড়িয়ে যন্ত্রপাতি বিকল করা হয়। পরে সাতটি স্টোন ক্রাশার মিলের পাথর গুঁড়া করার যন্ত্র বিকল করে বন্ধ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, নিষিদ্ধ যন্ত্র তাৎক্ষণিক সেখানেই আগুন দিয়ে পুড়িয়ে বিকল করা হয়েছে। এরপর সাতটি স্টোন ক্রাশার মিল বন্ধ করে যন্ত্রপাতিও বিকল করা হয়। এর মধ্যে দুটি মিলমালিককে পাওয়ায় দুজনকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।