পটিয়ায় মুক্তিযোদ্ধা সংসদে ছয়জন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন বলে অভিযোগ করেছেন নবগঠিত মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার্স ফোরামের নেতারা। তাঁদের দাবি, সরকারি ভাতা বেড়ে যাওয়ায় পটিয়ায় ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ছে।
গতকাল বুধবার বিকেলে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফোরামের নেতারা এসব অভিযোগ করেন।
ফোরামের নেতারা জানান, ৬ ডিসেম্বর পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর বাসভবনে মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার্সদের এক সভা হয়। এতে অধ্যাপক শামসুল ইসলামকে সভাপতি ও সিরাজুল ইসলাম ওরপে সিরু বাঙ্গালীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার্স ফোরাম গঠন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক শামসুল ইসলাম, মহসিন খাঁন, আ ক ম শামসুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, চৌধুরী মাহবুবুর রহমান, নুর মোহাম্মদ, আবছার উদ্দিন, চন্দন দে, রফিক আহম্মদ প্রমুখ।
ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, যে ছয়জনকে তাঁরা ভুয়া বলেছেন, তাঁদের নাম গেজেটে রয়েছে। সংসদের নির্বাচনে পরাজিত হয়ে তাঁরা মুক্তিযোদ্ধাদের মধ্যে ফাটল ধরাতে এ অপপ্রচার চালাচ্ছেন।