পটিয়ায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের পটিয়ায় বালুবোঝাই পিকআপভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিক্ষার্থীসহ তিনজন। পটিয়ার শ্রীমাই সেতুর পশ্চিম পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম রাজু চৌধুরী (৪০)। রাজুর বাড়ি পটিয়ার হাইদগাঁও গ্রামে। তিনি একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী। আহত ব্যক্তিরা হলেন আবু আহম্মদ (৬০), সালমা (১৮) ও সানজানা (১৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পটিয়া থানা-পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে বালুবোঝাই একটি পিকআপভ্যান পটিয়া সদরের দিকে যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি চন্দনাইশের দিকে যাওয়ার সময় আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে যায়। তখন পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোর্শেদ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে আবু আহম্মদকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।