চট্টগ্রাম নগরের কোতোয়ালি ও পটিয়া থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়। তবে তিনটি ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পটিয়ায় গতকাল গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া একই দিন উপজেলায় নিখোঁজ এক নারীর লাশও উদ্ধার করা হয়। অন্য দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার কাছে এক তরুণের মৃত্যু হয়েছে। থানা ভবনের বিপরীতে একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে গত শুক্রবার রাত ১২টার দিকে আজ্ঞাতপরিচয়ের লাশটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, একটি ফুলহাতা শার্ট ও জিনস প্যান্ট পরিহিত আনুমানিক ২৫ বছর বয়সী এক তরুণের লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। শুধু ডান পায়ে হাঁটুর নিচে পোড়া দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ওসি জসীম উদ্দিন আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ব্যক্তির কোনো স্বজনকে এখনো পাওয়া যায়নি।
গতকাল সকালে পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায় একটি গাছের সঙ্গে দুই হাত ও গলা বাঁধা অবস্থায় মো. জমির (৩৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে দেখা গেছে, লাশটির পরনের কাপড় ছিঁড়ে হাত দুটি পিছমোড়া ও গলায় শ্বাসরোধ করে একটি গাছের সঙ্গে উলঙ্গ অবস্থায় বেঁধে রাখা হয়েছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, লাশটি মর্গে পাঠানোর পর ছবি দেখে রুবাইয়া খাতুন নামের এক নারী এসে লাশটি তাঁর স্বামীর বলে জানান। তিনি বলেন, তাঁর স্বামী মোটর রিকশা চালাতেন। গত শুক্রবার বিকেলে বের হয়ে আর বাসায় ফেরেননি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, নিহত জমির একজন রোহিঙ্গা। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে পরনের কাপড় দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।
এ ছাড়া নিখোঁজের তিন দিন পর গতকাল সন্ধ্যায় পটিয়ার ধলঘাট চৌরদিঘির পাড় থেকে অনিমা দাশ (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পটিয়া থানার এসআই ধীমান দাশ বলেন, নিহত অনিমার বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে। তিনি ধলঘাট এলাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ হন। লাশটিতে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।