পটিয়ায় গাড়ির ধাক্কায় সৌদিপ্রবাসী নিহত, আহত ২
চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সৌদিপ্রবাসী যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালক ও অপর এক যাত্রী। আজ বুধবার বেলা দেড়টায় উপজেলার পটিয়া ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম আইয়ুব উদ্দিন (৩১)। তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা গ্রামের মৃত এয়াকুব নবীর ছেলে। আহত দুজন হলেন অটোরিকশার চালক নাছির উদ্দিন (৩৫) ও যাত্রী মিতা সর্দ্দার (৩৫)।
পটিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়িটি পটিয়া ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয়ের সামনে অটোরিকশাকে অতিক্রম করার সময় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই আইয়ুব উদ্দিন মারা যান। আহত হন অপর দুজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাছরিন সুলতানা বলেন, আইয়ুব উদ্দিনকে স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
নিহত আইযুব উদ্দিনের শ্বশুর হাফেজ আকতার বলেন, আইয়ুব আজ সকালে পটিয়া থেকে ডায়াবেটিস পরীক্ষা করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি ২৮ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন। আর ৫ এপ্রিল আইয়ুবের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়।
পটিয়া হাইওয়ের ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবদুস ছবুর বলেন, দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।