পটিয়ায় ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, চালক ও সহকারী নিহত
চট্টগ্রামের পটিয়ায় বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খায় একটি পিকআপ ভ্যান। এতে পিকআপ ভ্যানের চালক বিমল দাশ (৫০) ও সহকারী নয়ন দাশ (৩৫) ঘটনাস্থলেই মারা যান। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার পাইরোল কাজী এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিমল দাশ চন্দনাইশ উপজেলার দোহাজারী গ্রামের মুকুন্দ দাশের ছেলে এবং ও নয়ন দাশ একই এলাকার মনোরঞ্জন দাশের ছেলে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে কক্সবাজারমুখী বাঁশবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এ সময় পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান। ট্রাকটি চলে যায়। পরে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। লাশ দুটি রাতে হাইওয়ে পুলিশের কাছ থেকে বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যরা নিয়ে যান।