পটিয়ায় দুর্ঘটনায় নিহত ছয়জনের দুজন স্বামী–স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুর দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে দুজন স্বামী–স্ত্রী। নিহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। তাঁদের সবার পরিচয় পাওয়া গেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বিশ্বজিৎ সেন (৪৫) ও তাঁর স্ত্রী রুপনা সেন (৪০), গাছবাড়ীয়া বণিক পাড়ার শুভ ধর (২৭), পটিয়ার রশিদাবাদ গ্রামের সাব্বির হোসেন (২৮), কমলমুন্সির হাট এলাকার রেজাউল করিম ওরফে রফিক (৪৫) ও হুলাইন গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ইছমাইল (৫০)।

বিশ্বজিৎ সেনের পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, এই দম্পতি পটিয়ায় চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন।

পটিয়া কমলমুন্সির হাট এলাকার নিহত রেজাউলের বোন ছানোয়ারা বেগম গতকাল সোমবার রাতে দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি বলেন, রৌশনহাট এলাকায় তাঁর আরেক বোনের বাড়িতে পিঠা ও মাংস দিতে যাচ্ছিলেন ভাই।

পটিয়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে আরিফুল ইসলাম, শাহ আলম ও রিদোয়ারুল হক নামের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন