পটিয়ায় পুকুরে ডুবে দুই ভাই–বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলো উপজেলার বড়লিয়া ইউনিয়নের মধ্যম বড়লিয়া গ্রামের মিজান উদ্দিনের মেয়ে ওয়াজিহা (৩) ও মিজানের ছোট ভাই বাহার উদ্দিনের ছেলে আয়েছ (৪)।

আয়েছের মামা ফজলে এলাহি বলেন, দুই চাচাতো ভাই-বোন বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরে ডুবে দুজনে নিখোঁজ হয়। পরে দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রশিদ প্রথম আলোকে বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।
হঠাৎ করে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন প্রতিবেশী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার।