পটুয়াখালী ও পিরোজপুরে আগামীকাল বিএনপির হরতাল

পটুয়াখালীতে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা এবং পিরোজপুরে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
গতকাল শুক্রবার পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ২০-দলীয় জোটের সদস্য মজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলায় আগামীকালের হরতাল ডাকা হয়। আর আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বাক্ষরিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে একই কর্মসূচি ঘোষণা করা হয়।
পটুয়াখালী: বিএনপির চেয়ারপারসন ও ২০-দলীয় জোটের নেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং পটুয়াখালীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ জোটের নেতা-কর্মীদের নামে ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।
গত বুধবার বিকেলে পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় দুটি অটোরিকশা ও একটি পিকআপ ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম রব মিয়াসহ ৮৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা করে। এ মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়।
পিরোজপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘হত্যা চেষ্টার’ প্রতিবাদে, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব বন্দী নেতা-কর্মীর মুক্তি এবং জেলা বিএনপির সহসভাপতি আবদুস সালামকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এ হরতাল ডাকা হয়। ৭ জানুয়ারি রাতে পিরোজপুর জেলা বিএনপির সহসভাপতি ও পৌর কাউন্সিলর আবদুস সালামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।