পটুয়াখালীতে খেলা শেষে বিজয়ীদের ওপর হামলা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জাগঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল বাশার
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচের বিজয়ী দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, খেলোয়াড়সহ সাতজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে বিজয়ী দলের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মির্জাগঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল বাশার ওরফে নাসির, মো. লিমন, সানাউল, মাজহারুল ইসলাম, মো. রাজু, মাসুদ খান ও অলি। আহত ব্যক্তিদের মধ্যে ইউপি চেয়ারম্যানকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক) চলছে। গতকাল বিকেলে মির্জাগঞ্জ ও কাকড়াবুনিয়া ইউনিয়নের দুই দলের খেলা ছিল। এতে মির্জাগঞ্জ ইউনিয়ন ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে বাড়ি ফেরার পথে মাঠ থেকে কিছুটা দূরে সুবিদখালী সেতুর ঢালে দুর্বৃত্তরা বিজয়ী দলের ওপর হামলা চালায়। এ সময় ছয় খেলোয়াড়সহ ইউপি চেয়ারম্যান আবুল বাশার আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বিজয়ী দলের একাধিক খেলোয়াড় বলে, খেলার মধ্যে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কাকড়াবুনিয়া ইউনিয়নের খেলোয়াড় মিলফি ও মির্জাগঞ্জ ইউনিয়নের মনিরুলকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন রেফারি। এ ঘটনার রেশ ধরে কাকড়াবুনিয়া ইউনিয়নের খেলোয়াড় মিলফি তার দলবল নিয়ে মাঠের বাইরে অবস্থান নিয়েছিল। বিজয়ী দলের খেলোয়াড়েরা সুবিদখালী সেতুর কাছে গেলে মিলফি ও তার লোকজন তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান আবুল বাশার বলেন, ‘কাকড়াবুনিয়া ইউনিয়ন দলের লাল কার্ড পাওয়া খেলোয়াড় মিলফির নেতৃত্বে ১০-১২ জন যুবক আমাদের ওপর হামলা করেছে।’
কাকড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুব আলম স্বপন বলেন, শান্তিপূর্ণভাবেই ওই দিন খেলা শেষ হয়েছে। তবে মাঠে দুই দলের দুজন খেলোয়াড় অসৌজন্যমূলক আচরণ করায় রেফারি দুই দলেরই দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। এ ঘটনার জেরে কিছু ঘটতে পারে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় আজ বুধবার পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।