পটুয়াখালীতে চিকিৎসকসহ আরও ২৪ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী জেলায় নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১৭৯ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ঢাকা থেকে আজ রোববার সকালে ১৪ জন ও গতকাল শনিবার রাতে ১০ জনের করোনা শনাক্তের প্রতিবেদন আসে। শনাক্তদের মধ্যে নারী ৯ জন ও পুরুষ ১৫ জন। তাঁদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন। নতুন শনাক্ত এই ২৪ জনের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, বাউফল উপজেলায় ৪ জন, দুমকি উপজেলায় ৩ জন এবং মির্জাগঞ্জ ও কলাপাড়া উপজেলায় একজন করে আছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আজ রোববার পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ১২৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। পরীক্ষার প্রতিবেদনে মোট ১৭৯ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।
তাঁদের মধ্যে মারা গেছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। করোনাভাইরাস শনাক্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ৩০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। নতুন করে শনাক্ত ব্যক্তিদের সংস্পর্শে আসাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।