পটুয়াখালীতে নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী জেলায় নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১৯৩ জনে। আজ সোমবার পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে জেলায় ১৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলায় আটজন, বাউফল উপজেলায় একজন, দুমকি উপজেলায় একজন এবং মির্জাগঞ্জ ও কলাপাড়া উপজেলায় দুজন শনাক্ত হয়েছেন। এদিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জেলায় এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। তাঁদের মধ্যে বাউফলে তিনজন, দুমকিতে দুজন, কলাপাড়ায় দুজন, সদর উপজেলায় দুজন। এ ছাড়া গলাচিপা ও মির্জাগঞ্জে দুইজন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রোববার পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ১২৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৬২৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ৩০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।