পটুয়াখালীতে পরাজিত প্রার্থীর বাড়ি সামনে দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউপি নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার পর বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী রাইসুল ইসলামের সমর্থকদের সঙ্গে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী একেএম বশির আহমেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপর পক্ষকে দায়ী করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন পরাজিত নৌকার প্রার্থী একেএম বশির আহমেদের ভাই সাইদ আহমেদ (৪৬) জানান, সন্ধ্যার পর ভোটের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জেতার পর সমর্থকদের নিয়ে মিছিল করে তাঁদের বাড়ির সামনে এসে স্লোগান দিতে থাকেন। এ সময় বাড়ির সামনে এভাবে স্লোগান না দিয়ে তাঁদের চলে যেতে অনুরোধ করেন তাঁরা। কিন্তু বিজয়ী প্রার্থীর সমর্থকরা তাঁদের ওপর ও বাড়িঘরে হামলা চালায়। তিনি বলেন, তাঁকে বাঁচাতে এসে তাঁর দুই বোন নাজমা আক্তার (৫০) ও রুবী বেগম (৪০) এবং দুলাভাই মাসুদ মৃধা (৪৫) গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ অস্বীকার করে বিজয়ী চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম বলেন, ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে একটি ওয়ার্ডের ফলাফল নিয়ে কর্মী–সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় ওই বাড়ি থেকে প্রার্থীর ভাইসহ কয়েকজন তাঁদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এতে তাঁদের ছয়জন আহত হন। আহত বীর মুক্তিযোদ্ধা আ. জব্বার কাজী (৭০), কাজী হাসিবুর (২৮), ইউসুফ তালুকদার (৪০), কাজী কামাল পাশা (৫৬), দুলাল দেবনাথ (২৮) ও রিয়াজুল ইসলামকে (১৮) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কেউ কোনো অভিযোগ করেননি। পরিস্থিতি শান্ত আছে।