পটুয়াখালীতে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মাটিভাঙা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতেই পুলিশ তিনজনকে আটক করেছে।
নিহত ব্যবসায়ীর নাম ইসমাইল হাওলাদার (৫৫)। তিনি উপজেলার রতনদিতালতলী ইউনিয়নের কাচাড়িকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। এ ঘটনায় ইসমাইলের ছেলে রাকিব আহসান বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত ইসমাইলের পরিবারের ভাষ্য, মাটিভাঙ্গা বাজারে ইসমাইলের মুদিদোকান আছে। ইসমাইলের দোকান থেকে পাশের ডাকুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রফিক মোল্লা (৫২) বাকিতে মালামাল কিনতেন। এতে রফিক মোল্লার প্রায় তিন হাজার টাকা বাকি জমা হয়েছিল। কিছুদিন ধরে পাওনা টাকার জন্য তাগিদ দেওয়া হলেও রফিক পাওনা পরিশোধ করছিলেন না। গতকাল বেলা ১১টার দিকে রফিক বাজারে এলে ইসমাইল তাঁকে পাওনা টাকা পরিশোধ করতে বলেন। এ নিয়ে বাজারেই দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
মামলা সূত্রে জানা গেছে, বাজারে বাগ্বিতণ্ডার জেরে সন্ধ্যা ছয়টার দিকে রফিক আবার বাজারে এসে ইসমাইলকে খুঁজতে থাকে। এ সময় রফিক গালিগালাজ করলে ইসমাইলের ছেলে রাকিব প্রতিবাদ করেন। পরে রফিক সেখান থেকে চলে আসেন। আনুমানিক রাত আটটার দিকে রফিক তাঁর দলবল নিয়ে দ্বিতীয় দফায় বাজারে এসে রাকিবের ওপর হামলা করেন। এ সময় ছেলেকে রক্ষা করতে ইসমাইল এগিয়ে এলে রফিকের লোকজন তাঁকেও মারধর শুরু করেন। এ সময় লাঠিসোঁটার এলোপাতাড়ি আঘাতে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে রফিক তাঁর দলবল নিয়ে সটকে পড়েন।
পরে গুরুতর আহত অবস্থায় ইসমাইল ও রাকিবকে উদ্ধার করে স্থানীয় লোকজন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাতেই পুলিশ কৃষ্ণপুর গ্রামসহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কৃষ্ণপুর গ্রামের বাহাউদ্দিন হাওলাদার (৪০), নুর মোহাম্মদ (৩৫) ও হৃদয় (২৫)। এদিকে রফিক ঘটনার পর পালিয়ে গেছেন। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, ইসমাইলের লাশ আজ সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ইসমাইলের ছেলের করা মামলায় রফিক মোল্লাসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।