পটুয়াখালীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাইনুদ্দিন মুন্সি (৩৮) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা। ওই প্রতিবন্ধী নারীর খালার করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, এতিম ওই নারী তাঁর খালার কাছে থাকতেন। দরিদ্র খালাও কাজের জন্য ঘরের বাইরেই বেশি সময় থাকতেন। প্রতিবন্ধী ওই নারীকে মাইনুদ্দিন বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৮ মাস ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি খালাকে জানান। এরপর বৃহস্পতিবার রাতে ওই নারীকে সঙ্গে নিয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে মৌখিক অভিযোগ করেন খালা। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাইনুদ্দিনকে আটক করে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার ওই নারীর খালা বাদী হয়ে মাইনুদ্দিনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় মাইনুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ওই নারীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।