পটুয়াখালীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পটুয়াখালীর সদরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হানিফ গাজী (৫২) নামে এক ইউপি সদস্য নিহত ও মোটরসাইকেলচালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বসাকবাজারে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালকের নাম শামীম বিশ্বাস (২৪)। তিনি নিহত ইউপি সদস্যের ভাগনে। শামীমকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হানিফ গাজী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি ওই ইউনিয়নের চিংগুড়িয়া গ্রামে।

মোটরসাইকেলের পেছনে বসা হানিফ গাজী ছিটকে রাস্তায় ছিটকে পরে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, সকালে ইউপি সদস্য হানিফ গাজী তাঁর ভাগনে শামীমকে নিয়ে বাড়ি থেকে পটুয়াখালী শহরে যাচ্ছিলেন। পটুয়াখালী-কুয়াকাটা হয়ে সকাল ১০টার দিকে সদর উপজেলার বসাকবাজার অতিক্রমকালে সামনে এক প্রতিবন্ধী শিশু এসে পড়ে। শিশুটি রাস্তা পার হচ্ছিল। এতে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা হানিফ গাজী ছিটকে রাস্তায় ছিটকে পরে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় চালক শামীমও রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন হানিফ গাজীর লাশ ও আহত শামীকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে শামীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকেরা। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, হানিফ গাজীর লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমখোলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির জানান, হানিফ গাজী ওই ওয়ার্ড থেকে পর পর তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্ত্রী ও আট সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।