পটুয়াখালীতে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর শেখ রাসেল শিশুপার্কে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের পঁয়ত্রিশতম বার্ষিক অধিবেশন। এবার অধিবেশনে সংযোজন করা হয়েছে মুকুন্দ দাসের গান, ছায়ানটের গীতি-আলোখ্য, কণ্ঠশীলন-এর কাব্য-আলেখ্য ও নৃত্যনন্দন-এর চণ্ডলিকা পরিবেশনা। এ ছাড়া থাকবে পঞ্চকবির গান, লোকসংগীত ও সম্মাননা প্রদান। অধিবেশন চলবে তিন দিন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এতে যোগ দেবেন শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকেরা।
গত বুধবার রাতে পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন উদ্যাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অধিবেশন বিষয়ে বিস্তারিত জানানো হয়।
সম্মেলন উদ্যাপন পরিষদের আহ্বায়ক শিল্পী নির্মলকুমার দাশগুপ্ত লিখিত বক্তব্যে জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটায় সম্মেলনের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
অধিবেশন উপলক্ষে প্রতি সন্ধ্যায় থাকবে গুণীজনের সুবচন, আবৃত্তি, পাঠ, নাচ ও গান। শনিবার সকালে সমুদ্রসৈকত কুয়াকাটায় প্রীতি সম্মেলনে থাকবে শুভেচ্ছা বক্তব্য, সম্মেলক ও একক সংগীত, আবৃত্তি এবং রাখাইন নৃত্য পরিবেশনা। শেষদিন রোববারের অধিবেশনে ‘শিক্ষা-চিন্তক ও শিক্ষা-কর্মী রবীন্দ্রনাথ: সমকালীন তাৎপর্য’ শীর্ষক সেমিনার হবে। মূল প্রবন্ধ লিখেছেন মফিদুল হক।