পটুয়াখালীতে সাংবাদিকসহ আরও পাঁচজনের করোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালী জেলায় নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন সাংবাদিক ও একজন জনপ্রতিনিধি রয়েছেন। অপর তিনজনের মধ্যে একজন গাড়িচালক, একজন স্বাস্থ্যকর্মীর স্বামী ও একজন গ্রামবাসী।

ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর পটুয়াখালীর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।

নতুন শনাক্ত হওয়া পাঁচজনের বাড়িই পটুয়াখালী সদর উপজেলায়। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনায় জেলায় এ পর্যন্ত তিনজন মারা গেছেন। তাঁদের একজনের বাড়ি দুমকি উপজেলায়, একজনের সদরে ও অপরজনের বাউফল উপজেলায়। এ ছাড়া ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ জন। বর্তমানে ১৯ জন আইসোলেশনে চিকিৎসাধীন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৮১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়েছে। এর মধ্যে পরীক্ষার প্রতিবেদন এসেছে ১ হাজার ৩৪৯ জনের। তাঁদের মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় শনাক্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ৩০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে বলে জানান সিভিল সার্জন। এ ছাড়া করোনা রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।