পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে, যা জেলা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে ২৯৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের। শনাক্তের হার ৪১ দশমিক ৫৫।

নতুন পাঁচজনসহ জেলায় করোনায় মৃতের সংখ্যা মোট ৮৩। আর মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৫১। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৩২ জন।

পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি জেলার কলাপাড়া উপজেলায় এবং অপর দুজনের বাড়ি পটুয়াখালী সদর ও বাউফলে।

মৃত ব্যক্তিরা হলেন কলাপাড়া উপজেলার দেবপুর গ্রামের নাসির উদ্দিন (৭২), মম্বিপাড়া গ্রামের রাহিমা বেগম (৪৮)। তাঁরা গতকাল বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

এ ছাড়া কলাপাড়া উপজেলার বালিয়াতলী গ্রামের সাদিয়া (২০) বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, সদর উপজেলার বড় বিঘাই গ্রামের মো. ফজলু (৭৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাউফল পৌরসভার বাসিন্দা আলাউদ্দিন খান (৭২) নিজ বাড়িতে মারা যান।

নতুন শনাক্ত ১২৩ জনের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, কলাপাড়ায় ১৩, গলাচিপায় ১০, মির্জাগঞ্জে ১৫, দুমকিতে ৭, দশমিনায় ১১ ও বাউফলের বাসিন্দা ২৮ জন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৬৯৯টি।