পটুয়াখালীর বদরপুরে প্রথম নারী ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান তানজিন নাহার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে এই প্রথম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একজন নারী। সদর উপজেলার বদরপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

সদর উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার পটুয়াখালীর ৪টি উপজেলার ১৯টি ইউপিতে ভোট গ্রহণ হয়।

এই ১৯টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া একমাত্র নারী প্রার্থী ছিলেন তানজিন নাহার সোনিয়া। চেয়ারম্যান পদে তিনি ছাড়া আর কোনো নারী প্রার্থী ছিলেন না। সদর উপজেলার বদরপুর ইউপিতে তানজিন নাহারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পাঁচজন। তিনি নৌকা প্রতীকে ৬ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল বাশার (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৯৮৬ ভোট।

দলীয় সূত্রে জানা গেছে, তানজিন নাহার বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। এর আগে তিনি যুবলীগে ছিলেন। তানজিন নাহারের বাবা প্রয়াত হাবিবুর রহমান মিয়া। তিনি আওয়ামী লীগ থেকে পরপর দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তানজিন নাহার বলেন, ‘আমার বাবা মানুষের পাশে ছিলেন। দীর্ঘদিন রাজনীতি করে মানুষের ভালোবাসা পেয়েছেন। এবার জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এতে আমার দায়িত্ব বেড়েছে। এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমিও বাবার মতো সব সময় সবার পাশে থাকতে চাই।’