পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চার নম্বর দীঘিনালা ইউনিয়নের দুই নম্বর বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিরে ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যে জমি অধিগ্রহণ করেছে, তা পুনরুদ্ধারের দাবি জানিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকেরা।
বিদ্যালয়ের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে তিন ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত দুই নম্বর বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এতে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মৃণাল কান্তি চাকমা, নন্দিতা চাকমা ও দেবতরু চাকমা।
কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয়টির চারদিকে বিজিবি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়ায় ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে পারছে না। বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। তাঁরা অধিগ্রহণকৃত জায়গা থেকে দুই নম্বর বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুনরুদ্ধারের আবেদন জানিয়েছেন।