‘পণ্য নিতে আইসে পায়ে শিকড় গজায়ে গেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিসিবির পণ্য নিতে এসে রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে উঠেছেন একজন। তাই লাইনেই বসে পড়েছেন। আজ সোমবার দুপুরে খুলনা শহরের কবির বটতলা মোড়ে
ছবি: প্রথম আলো

খুলনার খালিশপুর জুট মিল মোড়ে নারী–পুরুষের বড়সড় জটলা। জটলা থেকে কিছুটা দূরে একটা দোকানের শাটারে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন মরিয়ম বেগম। আঙুলে কর গুনতে গুনতে মুখ বিড়বিড় করে কী যেন বলছিলেন। কাছে যেতেই বলে উঠলেন, ‘হিসেব করে দেখলাম ২২০ টাকা বাঁচাতে এত ভোগান্তি। অসুস্থ শরীরে পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কতক্ষণ পারা যায়! আগে জানলে কষ্ট করে কার্ডটা করাতাম না।’

বাড়িতে কাজ ফেলে পণ্য নিতে আসা মরিয়ম ২২০ টাকা বাঁচার হিসাব পরিষ্কার করে জানালেন, বাজারে সয়াবিন তেলের লিটার ১৬০ করে, চিনি প্রতি কেজি ৮০ টাকা ও ডাল ১০০ টাকা করে। টিসিবির ট্রাক থেকে দুই লিটার তেল, দুই কেজি চিনি ও দুই কেজি ডাল কিনতে খরচ হয় ৪৬০ টাকা। ওই পরিমাণ পণ্য বাজার থেকে কিনতে লাগত ৬৮০ টাকা।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল রোববার থেকে প্রথম ধাপে স্বল্প মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করছে টিসিবি। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়। খুলনা নগরের ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ১৬টি পয়েন্টে ১৬টি ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করতে দেখা যায়। তবে পণ্য কিনতে এসে মরিয়মের মতো ভোগান্তির কথা জানালেন আরও অনেকে।

বিরক্তি আর ক্লান্তি নিয়ে বিআইডিসি রোডের বাসিন্দা হামিদা বেগম বলেন, ‘এখানে ৫০০ মানুষির মালামাল দিবে। কড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ায় আছি। এখনো ট্রাক আসলো না। আসার পরও নানা ঝামেলা হয়। জানিনে আজ কপালে কী আছে। গরিব যেদিক চায়, সাগর যেন শুকোয়ে যায়।’

টিসিবির পণ্যবোঝাই ট্রাক আসতেই হুমড়ি খেয়ে পড়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা মানুষ। আজ সোমবার দুপুরে খুলনা শহরের পিপলস মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

খালিশপুর জুট মিল থেকে কিছুটা সামনে খালিশপুরের খুলনা বিদ্যুৎকেন্দ্র। সেখানেও তখন ট্রাক এসে পৌঁছায়নি। নারী–পুরুষের দীর্ঘ লাইন। সেখানে বয়োবৃদ্ধ, নারী, শিশু, এমনকি অসুস্থ ব্যক্তিও ছিলেন টিসিবির গাড়ির অপেক্ষায়। সংরক্ষিত মহিলা কাউন্সিলর রহিমা আক্তারের হাতে সবুজ রঙের কার্ড থাকা মানুষদের ডেকে নিচ্ছেন। সেই কার্ড জমা নিয়ে গোলাপি রঙের কার্ড দিচ্ছেন। সময়মতো ট্রাক না আসায় কাউন্সিলের ওপরও ক্ষোভ ঝাড়ছিলেন কেউ কেউ।

দিনমজুর আলামিন হাওলাদার বলেন, ‘আটটা থেকে দাঁড়িয়ে আছি। আগে জানলে এক বেলা কাজ করে আসতে পারতাম। সব দিকে শুধু লস।’ আলামিনের মুখের কথা কেড়ে নিয়ে রাজমিস্ত্রি মো. মিন্টু বলে উঠলেন, ‘গরিব মানষির আবার লস। কাজ বন্ধ কুইরে আসলাম। প্রথম দিন, যার নামে কার্ড সে ছাড়া হবে কি না এই চিন্তে ছিল। পণ্য নিতে আইসে তো পায়ে শিকড় গজায়ে গেল। তেল কিনতি আইসে তো তেল বাইর হইয়ে যাচ্ছে।’

ট্রাক দেরি করার কারণ সম্পর্কে টিসিবির পরিবেশক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘সাতটার সময় আমরা সেখানে (নগরের বয়রা এলাকায় কেন্দ্রীয় খাদ্যগুদাম) গেছি। পণ্য অর্ধেক করে মাপা ছিল। বাকি অর্ধেক আমাদের মেপে নিতে হয়েছে। নগর, জেলা সব ট্রাক এক জায়গায়। প্রচুর ভিড়। একটার সময়ও অনেক ট্রাক সেখানে অপেক্ষায় আছে। অনেকেই মালামাল এখনো পায়নি। পণ্য ট্রাকে ওঠাতে এত সময় লাগলে আমরা জবাবদিহি করব কীভাবে।’

আসছে রমজান মাস উপলক্ষে খুলনা জেলায় এবার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাচ্ছে ১ লাখ ৯১ হাজার ৭১৬টি পরিবার। এর মধ্যে খুলনা নগরে আছে ৮৫ হাজার ৮০২ পরিবার। বাকি ১ লাখ ৫ হাজার ৯১৪ পরিবার জেলার নয়টি উপজেলায়।