পণ্য রপ্তানি স্বাভাবিক হতে আরও ১০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ১৬টি ডিপোতে আটকে থাকা রপ্তানি পণ্যের কনটেইনার পালাক্রমে বন্দরে নেওয়া হচ্ছে। কনটেইনারবাহী গাড়ি মালিক-শ্রমিকদের চার দিনের কর্মবিরতি গত শুক্রবার দুপুরে স্থগিত হওয়ার পরও ডিপো থেকে পণ্য রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে অন্তত ১০ দিন সময় লাগতে পারে বলে বাংলাদেশ কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন জানায়।

কর্মবিরতির চার দিনে (গত সোমবার সকাল আটটা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত) কনটেইনারবাহী গাড়ি না চলায় মোট ৪ হাজার ৫৭৫ কনটেইনার পণ্য নির্ধারিত সময়ে রপ্তানি করা যায়নি। এসব কনটেইনারের সিংহভাগ পণ্যই ছিল তৈরি পোশাকশিল্পের।

চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাস প্রথম আলোকে বলেন, কর্মবিরতির কারণে রপ্তানি খাতের বড় ক্ষতি হয়েছে।

বন্দর ও ডিপো সূত্র জানায়, কর্মবিরতি স্থগিত হওয়ার পর শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত ২০ ঘণ্টায় ডিপো থেকে রপ্তানি পণ্যভর্তি ১ হাজার ৪৬৯ কনটেইনার বন্দরে নেওয়া হয়েছে। এখনো রপ্তানি পণ্যের ৬ হাজার ৭০ কনটেইনার চট্টগ্রামের ১৬টি ডিপোতে আটকা পড়ে আছে।

বন্দর সূত্র জানায়, গতকাল সকালে চারটি কনটেইনার জাহাজ বন্দর ত্যাগ করার কথা ছিল। এর মধ্যে চাহিদা অনুযায়ী রপ্তানি পণ্য পাওয়ায় ‘এমভি কোটা ওয়াংসা’ নামের একটি কনটেইনার জাহাজ বন্দর ছেড়ে গেছে। তবে চাহিদা অনুযায়ী রপ্তানি পণ্য না পাওয়ায় এমভি সি মাস্টার, এমভি আলিদ্রা ও এমভি আইডিফিক্স নামের তিনটি জাহাজের যাত্রা বিলম্বিত হচ্ছে। এই তিনটি জাহাজের পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো জানায়, ২ হাজার ৩৮৬ কনটেইনার রপ্তানি পণ্য এসব জাহাজে তোলার কথা রয়েছে। কর্মসূচি স্থগিত হওয়ার পর ২০ ঘণ্টার মধ্যে তিনটি জাহাজে তোলা হয়েছে ১ হাজার ২৩০ কনটেইনার। এ কারণে বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই তিনটি জাহাজ বাড়তি এক দিন জেটিতে অবস্থান করছে। রপ্তানি পণ্য পেলে আজ রোববার জাহাজ তিনটির বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে বলেন, কর্মসূচি প্রত্যাহার হলেও ডিপো থেকে বন্দরে রপ্তানি পণ্য পরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অন্তত ১০ দিন সময় লেগে যেতে পারে।

গত ১৬ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে গাড়িভেদে পণ্য পরিবহনের পরিসীমা বেঁধে দেয়। এই প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত সোমবার থেকে কর্মবিরতিতে যায়। গত শুক্রবার দুপুরে কর্মবিরতি ৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করে সংগঠনটি। প্রাইম মুভার ট্রেইলার ছাড়া কনটেইনার পরিবহন করা যায় না। এ কারণে কর্মবিরতির সময় ডিপো থেকে রপ্তানি পণ্যের কনটেইনার বন্দরে নেওয়া যায়নি। আবার বন্দর থেকে আমদানি পণ্যসহ কনটেইনার খালাস করা যায়নি।