বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ। সেখানকার গাড়ি পার চলে আসছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে। পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ অবস্থায় এই দৌলতদিয়া ঘাটে প্রতিদিন দেখা দিচ্ছে যানজট। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা শত শত যানবাহনকে ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে চাপ কমাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী গাড়ি আটকে রাখা হচ্ছে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে। সেখানে প্রতিদিন চার-পাঁচ কিলোমিটারজুড়ে গাড়ির সারি পড়ছে। এক-দুই দিন ধরে আটকা থাকছে শত শত পণ্যবাহী গাড়ি। এ সুযোগে কিছু পুলিশ সদস্য টাকা নিয়ে পেছনের অনেক গাড়িকে আগে ঘাট পারাপারের সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আটকা পড়া পরিবহনের কর্মীরা।
বৃহস্পতিবার ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দের ওয়াজেদ আলী টেকনিক্যাল কলেজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পণ্যবাহী গাড়ির সারি। বিপরীত দিকে রাজধানী ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী গাড়িরও লম্বা সারি। মহাসড়কে মাঝেমধ্যে গাড়ির দু-তিনটি সারি হওয়ায় যানজট দেখা দিচ্ছে। ক্লান্ত চালক ও তাঁদের সহকারীরা গাড়িতেই ঘুমিয়ে নিচ্ছেন।
খুলনা থেকে টাইলস নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে গত মঙ্গলবার রাতে রওনা করেন ট্রাকচালক রাকিব হোসেন। সড়কপথে কোনো সমস্যা না থাকায় দ্রুতই গোয়ালন্দ মোড়ে পৌঁছে যান তিনি। এক দিন পর বুধবার রাতে ট্রাকটি দৌলতদিয়া এলাকায় নিতে পারেন তিনি।
রাকিব হোসেন অভিযোগ করে বলেন, গোয়ালন্দ মোড়ে সারিতে থাকা অবস্থায় ডান পাশ দিয়ে যারা আগে বের হয়ে যায়, তাদের থেকে পুলিশ এক হাজার টাকা করে নেয়। দৌলতদিয়া ঘাটে এসেও সারি ভেঙে কেউ আগে ঘাটে যেতে চাইলে পুলিশকে এক হাজার টাকা দিতে হয়। পুলিশ সদস্যরা কোনো প্রকার রাখঢাক ছাড়াই এভাবে টাকা নিচ্ছেন।
খুলনার কাটাখালী থেকে ঢাকার শ্যামপুরে যাবেন দুলাল হাওলাদার। মঙ্গলবার বিকেলে তিনি কাভার্ড ভ্যান নিয়ে গোয়ালন্দ মোড়ে পৌঁছান। দুলাল বলেন, ২৪ ঘণ্টা পর দালালের মাধ্যমে দেড় হাজার টাকা দিয়ে তিনি ঘাটে আসতে পেরেছেন। এখানেও প্রায় ১৬ ঘণ্টা ধরে আটকে আছেন। তা ছাড়া রাতে গাড়িতেই ঘুমাতে হয়। থাকা, খাওয়া ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে।
টাকা নিয়ে পণ্যবাহী গাড়ি আগে পারাপারের অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে চাইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক তারক পাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অভিযোগের সত্যতা নেই। যদি কোনো পুলিশ সদস্য টাকা নিয়ে থাকেন, তাহলে সরাসরি ধরিয়ে দেন। আমরা তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
এদিকে ঘাটে বিআইডব্লিউটিসির টিকিট কাউন্টারেও পণ্যবাহী গাড়ি থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। বিশেষ করে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি পারাপার বন্ধের কারণে দৌলতদিয়ায় গাড়ির চাপ বাড়ার পর অবৈধ এই লেনদেন বেড়ে গেছে। ঘাটে এসে এক-দুই দিন আটকা পড়া এড়িয়ে দ্রুত পারাপারের জন্য টাকা দিতে বাধ্য হচ্ছেন পরিবহনকর্মীরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ‘কাউন্টার থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত গাড়ির চাপ রয়েছে। সেসব এলাকায় কে কী করল, আমাদের দেখার বিষয় নয়। তবে কাউন্টারে কেউ বাড়তি টাকা নিলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঘাটে যানজটের ব্যাপারে শিহাব উদ্দিন বলেন, শিমুলিয়া-বাংলাবাজার হয়ে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ পণ্যবাহী গাড়ি পার হতো। এসব গাড়ি এখন দৌলতদিয়ায় চলে আসছে। ফলে এই ঘাটে গাড়ির চাপ কমানো যাচ্ছে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, ১০ আগস্ট দৌলতদিয়া ঘাট দিয়ে প্রায় ২ হাজার ৯০০ যানবাহন পারাপার হয়েছিল। অথচ ১ সেপ্টেম্বর এই ঘাট দিয়ে ৩ হাজার ৫০০ গাড়ি পারাপার হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার চালু না হলে দৌলতদিয়া ঘাটের যানজট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ কম।