পতাকা বিকৃতকারীদের শাস্তি চায় রংপুর জেলা সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা বিকৃতকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকার রংপুর জেলা সমিতি। গতকাল রোববার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সইয়ে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।

সমিতির সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান এবং সাধারণ সম্পাদক জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।

বিবৃতিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃতভাবে প্রদর্শন করেছেন এবং পতাকার প্রতি চরম অসম্মান দেখিয়েছেন, যা জাতীয় পতাকার সুস্পষ্ট অবমাননা। সমিতি এই কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান উপাচার্যের যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়টি একাডেমিক ও প্রশাসনিক বিশৃঙ্খলাসহ নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে এবং নিয়মিত পাঠদানের অভাবে শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমিতি শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে।