পতেঙ্গায় ডুবে যাওয়া জাহাজের নাবিকের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে দুর্ঘটনায় ডুবে যাওয়া এমভি টিটু-১৪ জাহাজের এক নাবিকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী জাহাজভাঙা কারখানার পাশের বন্ধ একটি কারখানা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই নাবিকের নাম হানিফ শেখ (২৫)। তিনি ওই জাহাজের লস্কর হিসেবে কর্মরত ছিলেন। হানিফ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার দলাইরচর গ্রামের হান্নান শেখের ছেলে। লাশ উদ্ধারের পর জাহাজের মাস্টার শেখ ফরিদ লাশ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মাস্টারের কাছে লাশ হস্তান্তর করে সীতাকুণ্ডের কুমিরা নৌ পুলিশ। এমভি টিটু-১৪ জাহাজটি আবুল খায়ের গ্রুপের সিমেন্ট তৈরি কারখানার কাঁচামাল বহন করছিল। ওই জাহাজের আরও তিন নাবিক এখনো নিখোঁজ বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।
মাস্টার শেখ ফরিদ প্রথম আলোকে বলেন, গত শনিবার পতেঙ্গা সৈকত এলাকার বঙ্গোপসাগরের মোহনায় (বন্দর আউটারে) থাকা একটি মাদার ভেসেল থেকে এমভি টিটু-১৪ জাহাজে সিমেন্টের কাঁচামাল বোঝাই করেন তাঁরা। কাঁচামাল আবুল খায়ের গ্রুপের মুন্সিগঞ্জ সিমেন্ট কারখানায় নেওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় ভেসেলের কাছাকাছি উপকূল থেকে আধা নটিক্যাল মাইল দূরে জাহাজটি নোঙর করা হয়। রাত তিনটার দিকে বালুবাহী একটি বাল্কহেড জাহাজটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর ধীরে ধীরে জাহাজটি ডুবে যায়।
শেখ ফরিদ আরও বলেন, জাহাজে ১৩ জন নাবিক ছিলেন। এর মধ্যে ৯ জন কোস্টগার্ডের সহায়তায় নিরাপদে উপকূলে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ ছিলেন। তাঁদের একজন হানিফ শেখ। নিখোঁজ অন্য ৩ জন হলেন বাবুর্চি ফরিদ শেখ (৪৫), লস্কর মো. আরিফ (৩৫) ও লস্কর নুরুল আবছার (৪৩)। এ ঘটনার পর পতেঙ্গা থানায় অজ্ঞাত ওই বাল্কহেডের বিরুদ্ধে তাঁরা সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক একরাম উল্ল্যাহ প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে ভাটিয়ারী সাগর উপকূলে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাঁদের খবর দেন। পরে তাঁরা লাশটি উদ্ধার করেন। লাশের পকেটে থাকা কিছু কাগজপত্র ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আবুল খায়ের গ্রুপে যোগাযোগ করে মাস্টার শেখ ফরিদকে খবর দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।