পতেঙ্গায় লাইটার জাহাজডুবির ঘটনায় আরও এক নাবিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডুবে যাওয়া লাইটার জাহাজের নিহত নাবিকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ছোয়াখালী খালে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকত এলাকায় সিমেন্টের কাঁচামালবোঝাই লাইটার জাহাজডুবির ঘটনায় আরও এক নাবিকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির সদস্যরা চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ছোয়াখালী খাল থেকে ওই নাবিকের লাশ উদ্ধার করেন।

নিহত ওই নাবিকের নাম নুরুল আবছার (৩৮)। তিনি ডুবে যাওয়া এমভি টিটু-১৪ নামে লাইটার জাহাজটির লস্করের কাজ করতেন। তাঁর বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ ভূঁইয়াগ্রামে। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এ নিয়ে জাহাজটির নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার হলো। এখনো নিখোঁজ বাবুর্চি ফরিদ শেখ (৪৫), লস্কর মো. আরিফ (৩৫)। এর আগে গত সোমবার দুপুরে হানিফ শেখ (২৫) নামের ওই জাহাজের আরেক লস্করের লাশ উদ্ধার করেছিল নৌ পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ক্যাপ্টেনের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

শনিবার পতেঙ্গা সৈকত এলাকায় বঙ্গোপসাগরের মোহনায় (বন্দর আউটারে) থাকা একটি মাদার ভেসেল থেকে জাহাজটিতে আবুল খায়ের গ্রুপের সিমেন্ট কারখানার সিমেন্টের কাঁচামাল বোঝাই করা হচ্ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় মাদার ভেসেলের কাছাকাছি উপকূল থেকে আধা নটিক্যাল মাইল দূরে নোঙর করে ছিল জাহাজটি। রাত তিনটার দিকে বালুবাহী একটি বাল্কহেড জাহাজটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধীরে ধীরে জাহাজটি ডুবে যায়। জাহাজে ১৩ নাবিকের ৯ জন উপকূলে নিরাপদে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ ছিলেন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার হলো।

নিহত ব্যক্তির ভাই আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরদিন থেকে তাঁরা নুরুলকে বঙ্গোপসাগরের মোহনা ও সন্দ্বীপ চ্যানেলের বিভিন্ন স্থানে নৌকা ভাড়া করে খুঁজছিলেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে নোয়াখালী জেলার চরবাটা মেঘনা নদীর উপকূল থেকে বঙ্গোপসাগরের দিকে ভাইয়ের লাশ খুঁজতে বের হন। তাঁদের লক্ষ্য ছিল সোমবার পাওয়া অপর লাশের স্থান পর্যন্ত দিনের আলোতে পৌঁছানো। সে লক্ষ্যে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সন্দ্বীপ চ্যানেলের বিভিন্ন স্থানে থাকা জেলেদের সঙ্গে কথা বলেছেন আর পানিতে ভাসমান লাশ আছে কি না, খুঁজছিলেন। পরে ভাটিয়ারী এলাকার জেলেরা ভাসতে থাকা নুরুল আবছারের লাশের সন্ধান দেন।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক একরাম উল্যাহ প্রথম আলোকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সন্দ্বীপ চ্যানেলে ভাসমান অবস্থায় নুরুল আবছারের লাশ খুঁজে পান নিহত ব্যক্তির স্বজনেরা। পরে তাঁরা ভাটিয়ারী ইউনিয়নের ছোয়াখালী খালের ভেতরে নিয়ে আসেন। খবর পেয়ে তাঁরা ওই খালে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশটি তাঁদের কাছে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।