পত্নীতলায় কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ি থেকে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আকবর ইউনিয়নের চেরাডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে ওই কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের লোকজনের দাবি, নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে ওই কৃষক আত্মহত্যা করেছেন।
নিহত ওই কৃষকের নাম ইয়াকুব আলী (৫৫)। তিনি চেরাডাঙ্গা গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। ইয়াকুব আলী ধনী ব্যক্তি ছিলেন। এ কারণে ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাঁর লাইসেন্স করা ব্যক্তিগত একটি বন্দুক ছিল বলে জানা গেছে।
নিহত ইয়াকুব আলীর পরিবারের বরাত দিয়ে পত্নীতলা থানা–পুলিশ জানায়, আজ সকালে পরিবারের অন্য সদস্যদের অজান্তে ইয়াকুব নিজের বাড়ির ছাদে ওঠেন। এ সময় বাড়ির উঠানে তাঁর স্ত্রী মর্জিনা কাজ করছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে গুলির শব্দ পেয়ে তাঁরা দৌড়ে ছাদে যান। ছাদে গিয়ে দেখেন, গুলিবিদ্ধ অবস্থায় ইয়াকুব পড়ে আছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ্ বলেন, পরিবারের লোকজনের দাবি এটা আত্মহত্যা। নিহতের লাশের পাশ থেকে তাঁর ব্যক্তিগত বন্দুকটি উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।