পত্নীতলায় থেমে থাকা যাত্রীবাহী ভ্যানে ট্রাক্টরের ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ভ্যানে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে নকুচা-করমজা এলাকায় নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দিবর ইউনিয়নের বড় মহারন্দি গ্রামের জুয়েল রানার স্ত্রী বুলবুলি আক্তার (৩৫) ও একই গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (৬০)। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নিহত বুলবুলি আক্তারের স্বামী জুয়েল রানা ও ভ্যানচালক সাইফুল ইসলাম।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে উপজেলার বড় মহারন্দি গ্রাম থেকে একটি ভ্যান যাত্রী নিয়ে নজিপুর পৌরসভার দিকে যাচ্ছিল। পথে নকুচা-করমজা মোড় এলাকায় ভ্যানটির এক্সেল হঠাৎ করে ভেঙে গেলে ভ্যানটি বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছন থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী বুলবুলির মৃত্যু হয়।

ভ্যানচালকসহ ভ্যানের অপর তিন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে নিলে আহত ভ্যানযাত্রী ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর তিন ব্যক্তির একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ব্যাপারে পত্নীতলা থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পত্নীতলা থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনায় কবলিত ভ্যান ও ট্রাক্টর রাস্তার ওপর পড়ে থাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও পত্নীতলা ফায়ার সার্ভিস স্টেশনকর্মীরা যান চলাচল স্বাভাবিক করেন। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।