পথকুকুরের ওপর মায়ার হাত
চট্টগ্রামে পথের কুকুর খুঁজে বের করে কলার বা বেল্ট পরানো ও টিকাদান কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কাজে নেতৃত্ব দিচ্ছেন ডাবলমুরিং থানা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার। আজ শুক্রবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম নগরের পাথরঘাটায় দেখা গেল তাঁর ব্যতিক্রমী এ কার্যক্রম। এ কাজে তাঁকে সহায়তা করছে প্রাণীপ্রেমী সংগঠন ‘প্রাহার’।
‘কুকুরের প্রতি সহিংসতা নয়, বরং সহমর্মিতা’ স্লোগান নিয়ে ফেরদৌসী আকতার শুরু করেছেন তাঁর এ কার্যক্রম। পথকুকুরকে কৃমি মুক্তকরণ, টিকা দেওয়া, শীর্ণ কুকুরকে খাবার দেওয়াসহ নানা উদ্যোগ রয়েছে তাঁর এ কার্যক্রমে। এ ছাড়া পাথরঘাটার অলিগলি ঘুরে তিনি পথকুকুরদের গলায় ‘কলার’ পরিয়ে দেন।
এ উদ্যোগের বিষয়ে ফেরদৌসী আকতার বলেন, কুকুরের গলায় কলার বা বেল্ট থাকলে মানুষ মনে করবে এটি বিপজ্জনক নয়। ফলে আক্রমণও কম হবে। তিনি বলেন, কুকুরের প্রতি অবহেলার অন্ত নেই। কিন্তু কুকুরেরও আবেগ আছে। এই শীতে কুকুর অসুস্থ হতে পারে। পাথরঘাটায় অলিগলির কুকুরকে টিকা দেওয়া হয়েছে। সুষম খাবার দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজধানীতে বেওয়ারিশ পথকুকুর নিধনের রব উঠেছিল কিছুদিন আগে। বেওয়ারিশ কুকুর থাকবে কি থাকবে না, এ নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন ও লেখালেখিও হয়েছে। এর মধ্যেই চট্টগ্রামে শুরু হয়েছে ফেরদৌসী আকতারের এ কার্যক্রম। পুরো কার্যক্রম দেখতে পাথরঘাটায় উপস্থিত হন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেয়াজুল হক।
এ উদ্যোগের প্রশংসা করে রেয়াজুল হক বলেন, ‘বেওয়ারিশ এসব কুকুর নজরের বাইরেই থাকে। তাদের চিকিৎসাসেবা প্রয়োজন হয়। খাবারের প্রয়োজন হয়। প্রাহার ও প্রাণিসম্পদ অফিস ভালো উদ্যোগ নিয়েছে। চিকিৎসাসেবা দিচ্ছে। গলায় কলার লাগিয়ে দিচ্ছে। এ উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া উচিত।’
প্রাণীর জন্য আহার বা প্রাহারের কর্ণধার মিশুক সাহা বলেন, ‘করোনাকালে কুকুরের আহার জোগাড় করার মাধ্যমে যাত্রা শুরু হয় প্রাহারের। করোনায় সবকিছু থমকে ছিল। মানুষ খাবার জোগাড় করতে পারলেও অবলা প্রাণীর পক্ষে খাবার সংগ্রহ কঠিন ছিল। এ কারণে শহরের বেওয়ারিশ কুকুরকে খাবার দেওয়া হয়। আর এতে যুক্ত হন ফেরদৌসী আকতার।’