পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন এক পথচারী। তাঁকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা গেছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। শনিবার সকাল আটটার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদুর রহমান (৩৫)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছোট বিনাইরচর গ্রামের ফজলুল করিমের ছেলে। চাকরি করতেন আড়াইহাজার এলাকার একটি ক্লিনিকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ছয়টার দিকে মাসুদুরসহ ১০ বন্ধু পাঁচটি মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে কিশোরগঞ্জের নিকলীর উদ্দেশে রওনা হন। সকাল আটটার দিকে তাঁরা নরসিংদীর শিবপুরের পচারবাড়ি এলাকা পার হচ্ছিলেন।

এ সময় এক পথচারী দৌড়ে ওই সড়ক পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক চেপে ধরেন মাসুদুরকে বহনকারী মোটরসাইকেলের চালক। এতে মাসুদুর মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। তাঁকে মুহূর্তের মধ্যেই চাপা দিয়ে পালিয়ে যায় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস। মাসুদুরের মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার বসাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছেন। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।